---Advertisement---

ফোর্ট উইলিয়ামে সেনা শীর্ষ বৈঠক, উদ্বোধনে বাংলায় আসছেন মোদী

September 8, 2025 12:26 PM
---Advertisement---

২৪ আওয়ার্স টিভি ডেস্ক : কিছুদিন আগেই কলকাতায় তিনটি নতুন মেট্রো রুটের উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ফের তিনি আসছেন বাংলায়। তবে এবার সফরের উদ্দেশ্য সেনাবাহিনীর এক গুরুত্বপূর্ণ বৈঠক। আগামী ১৫ থেকে ১৭ সেপ্টেম্বর কলকাতার ফোর্ট উইলিয়ামে অনুষ্ঠিত হবে কম্বাইন্ড কমান্ডার্স কনফারেন্স। দেশের মধ্যে অপারেশন সিঁদুরের পর এটিই হতে চলেছে সেনা ও কমান্ডারদের নিয়ে সবচেয়ে বড় বৈঠক। উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সঙ্গে থাকবেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল, তিন বাহিনীর প্রধান এবং চিফ অব ডিফেন্স স্টাফ (CDS) জেনারেল অনিল চৌহান।

সেনার শীর্ষ এই বৈঠকে মূলত সীমান্ত কৌশল, ভবিষ্যতের প্রতিরক্ষা পরিকল্পনা এবং সামরিক সংস্কার নিয়ে বিস্তারিত আলোচনা হবে। সূত্রের খবর, শুধু কৌশলগত সিদ্ধান্তই নয়, সীমান্তে ভারতীয় সেনার আগ্রাসী ভূমিকা, দেশের নিরাপত্তা নিশ্চিত করা এবং প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদনে আত্মনির্ভরশীল হওয়ার পথেও আলোকপাত করা হবে।

প্রধানমন্ত্রী ইতিমধ্যেই ‘মেক ইন ইন্ডিয়া’-কে এগিয়ে নিয়ে প্রতিরক্ষা সরঞ্জাম নির্মাণে জোর দিয়েছেন। ফলে ভারতে তৈরি যুদ্ধসামগ্রী কেবল সেনার হাতে পৌঁছাচ্ছে না, বিদেশেও রফতানি হচ্ছে। পাকিস্তানের বিরুদ্ধে অপারেশন সিঁদুরে সাফল্য তারই প্রমাণ। বাংলাদেশ, মায়ানমার থেকে শুরু করে চিন সীমান্ত— একাধিক উত্তপ্ত পরিস্থিতির মধ্যে এবার পূর্বাঞ্চলীয় সদর দফতরে বসছে এই কনফারেন্স। ফোর্ট উইলিয়াম থেকে সেনার উদ্দেশে প্রধানমন্ত্রী কী বার্তা দেন, সেদিকেই তাকিয়ে দেশ।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now