---Advertisement---

Kolkata : উৎসবের মুখে বিপুল ক্ষতি, বই শুকিয়ে বাঁচানোর লড়াই ব্যবসায়ীদের

September 24, 2025 2:16 PM
---Advertisement---

২৪ আওয়ার্স টিভি ডেস্ক : সোমবার রাতভর বৃষ্টিতে বিপর্যস্ত কলেজ স্ট্রিট, বইপাড়ার সর্বনাশ!উৎসবের মুখে বিপুল ক্ষতির মুখে পড়লেন বই ব্যবসায়ীরা। সোমবার রাতভর বৃষ্টিতে কার্যত সর্বস্বান্ত কলেজ স্ট্রিট, ঠনঠনিয়া, আমহার্স্ট স্ট্রিট, বর্ণপরিচয় মার্কেট। জলমগ্ন দোকানঘর, ভেসে গেছে একের পর এক বই।সোমবার দোকান বন্ধ করে বাড়ি ফিরেছিলেন ব্যবসায়ীরা। তেমন কোনও পূর্বাভাসও ছিল না। কিন্তু মঙ্গলবার সকালে দোকান খুলতেই চোখে জল আনা দৃশ্য—মাটিতে রাখা বই ডুবে গেছে কোমরসমান জলে। ছোট দোকানগুলির অবস্থা সবচেয়ে খারাপ। পুরনো বই, নতুন স্টক—সব ভিজে নষ্ট। কারও ক্ষতি ৭০–৮০ হাজার, কারও বা লক্ষাধিক টাকার। কেউ কেউ বই রোদে শুকিয়ে বাঁচানোর চেষ্টা করছেন, তবুও ক্ষতি অপূরণীয়।কলকাতার মানচিত্র অনেকটা গামলার মতো। চারপাশ উঁচু, মাঝখান নিচু। তাই বৃষ্টি হলেই জল জমে যায়। সাধারণত খালগুলির (বাগজোলা, চৌবাগা, তপসিয়া ইত্যাদি) মাধ্যমে জল গঙ্গায় গিয়ে পড়ে। কিন্তু সোমবার রাতে জোয়ারের কারণে গঙ্গার জলস্তর স্বাভাবিকের থেকে ১৮ ফুট বেশি হওয়ায় রাত ১২টা থেকে ভোর ৪টে পর্যন্ত লকগেট বন্ধ রাখা হয়। ঠিক সেই সময়েই রেকর্ড বৃষ্টি হয় শহরে। এক ঘণ্টায় প্রায় ৯৮ মিলিমিটার বৃষ্টি—প্রায় মেঘভাঙা পরিস্থিতি।ফলে খাল টইটম্বুর, জল বেরোনোর রাস্তা বন্ধ। এক রাতের মধ্যেই ভেসে গেল গোটা কলকাতা। মঙ্গলবার সকালে শহরবাসীর সামনে নজিরবিহীন দৃশ্য—গলি থেকে রাজপথ, সর্বত্রই থইথই জল। আর সেই জলেই ডুবে গেল কলেজ স্ট্রিটের স্বপ্ন ও সংসার।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now