---Advertisement---

Kolkata: পুজো উদ্বোধনে কলকাতায় অমিত শাহ, ফের সোনার বাংলা গড়ার প্রতিশ্রুতি স্বরাষ্ট্রমন্ত্রীর

September 26, 2025 11:41 AM
---Advertisement---

২৪ আওয়ার্স টিভি ডেস্ক: আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বঙ্গে ফের রাজনৈতিক বার্তা দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর বেলা সাড়ে ১১ টার কিছু আগে তিনি উপস্থিত হন উত্তর কলকাতার সন্তোষমিত্র স্কোয়ার দুর্গাপুজোয়। এ বছরের থিম ‘অপারেশন সিঁদুর’-পহেলগামে জঙ্গি হামলার পর ভারতীয় সেনার পাল্টা অভিযানের প্রতিচ্ছবি দেখা যাবে এই মণ্ডপে।

পুজোর উদ্বোধন মঞ্চ থেকেই শাহ শোনান নির্বাচনী বার্তা। তাঁর কথায়, “মায়ের কাছে প্রার্থনা করেছি, ভোটের পর বাংলায় এমন এক সরকার তৈরি হবে যা সত্যিকারের সোনার বাংলা গড়ে তুলতে পারবে। আমাদের রাজ্য আবার হবে নিরাপদ, সমৃদ্ধ আর শান্তিপূর্ণ।”

এদিন তিনি সাম্প্রতিক প্রাকৃতিক বিপর্যয় নিয়েও মন্তব্য করেন। শাহ বলেন, “পুজোর শুরুতেই ভারী বৃষ্টিতে বাংলায় ১০ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। তাঁদের পরিবারের প্রতি আমি গভীর সমবেদনা জানাই।” বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একাধিক মৃত্যুর ঘটনায় ইতিমধ্যেই রাজ্য সরকারের বিরুদ্ধে সরব হয়েছে বিরোধী শিবির। সেই প্রেক্ষাপটে স্বরাষ্ট্রমন্ত্রীর এই মন্তব্য রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে মহল।

উল্লেখযোগ্য, সন্তোষ মিত্র স্কোয়ারের অন্যতম উদ্যোক্তা হলেন কলকাতা পুরসভার বিজেপি সাংসদ সজল ঘোষ। আর এই মণ্ডপের সঙ্গে অমিত শাহের যোগও নতুন নয়। ২০২৩ সালেও তিনি এখানে এসে উদ্বোধন করেছিলেন। সে বছর থিম ছিল অযোধ্যার রামমন্দির।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now