২৪ আওয়ার্স টিভি ডেস্ক : দীর্ঘ ১৯ বছর ধরে এক অভিনব উদ্যোগে নিজেদের সামাজিক দায়িত্ব পালন করে চলেছে বাঁকুড়া শহরের কুচকুচিয়ার পোদ্দার পরিবার। বছরের পর বছর ধরে বাড়ির ফেলে দেওয়া সামগ্রী সংগ্রহ করে সেগুলো দিয়ে তৈরি করছেন সুন্দর ও অর্থবহ রাখী। তবে এই রাখী তৈরির পেছনে কোনও ব্যবসায়িক উদ্দেশ্য নেই,বরং রয়েছে প্রয়াত পরিবারের কর্তা দেওকীনন্দন পোদ্দারের আদর্শ ও সমাজের প্রতি দায়বদ্ধতা।পরিবারের সদস্যরা জানান, প্রতি বছর বাড়ির পুরনো ও অব্যবহৃত জিনিসপত্র, যেমন নারকেলের ছোবড়া, পুরনো পেনের রিফিল, ওষুধের ট্রিপ, প্লাস্টিক স্ট্র, ভাঙ্গা ক্লিপ ইত্যাদি, জমিয়ে রাখা হয়। তারপর সেই সব উপকরণ দিয়েই তৈরি হয় রঙিন, সৃজনশীল ও পরিবেশবান্ধব রাখী।এই রাখীগুলিতে শুধু নান্দনিকতা নয়, থাকে বার্তা। রক্তদান করুন, গাছ লাগান, সেফ ড্রাইভ সেভ লাইফ, প্লাস্টিক বর্জন করুন, ইত্যাদি গুরুত্বপূর্ণ সমাজসচেতনতামূলক আহ্বান।পোদ্দার পরিবারের সদস্যরা নিজের হাতে তৈরি এই রাখীগুলি বিনামূল্যে তুলে দেন বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থার সদস্যদের হাতে, যারা এই বার্তা আরও ছড়িয়ে দেন সমাজের নানা স্তরে।পরিবারের বর্তমান সদস্যদের কথায়, “বাবা (দেওকীনন্দন পোদ্দার) বলতেন, সমাজের জন্য কিছু করতে হলে বড় কিছু লাগেনা, ইচ্ছেটাই বড়। আমরা সেই ইচ্ছেটাকেই ধরে রাখার চেষ্টা করছি।”পরিবেশবান্ধব ভাবনা, সৃজনশীল প্রয়াস ও সমাজসচেতনতাকে এক সুতোয় বাঁধা এই অনন্য রক্ষাবন্ধন প্রথা আজ বাঁকুড়া শহরের গর্ব।
BANKURA: ফেলনা জিনিস দিয়েই আবিস্কার ! কি বানাচ্ছেন বাঁকুড়ার পোদ্দার পরিবার?
August 8, 2025 8:19 AM
---Advertisement---
