পশ্চিম এশিয়ায় চলতে থাকা যুদ্ধ পরিস্থিতি এবং হরমুজ় প্রণালী ঘিরে তৈরি হওয়া অনিশ্চয়তার সরাসরি প্রভাব পড়তে শুরু করেছে ভারতের জ্বালানি সরবরাহ ব্যবস্থায়। বিশেষ করে রান্নার গ্যাস বা এলপিজির জোগান নিয়ে উদ্বেগ বাড়ছে। এই পরিস্থিতি খতিয়ে দেখতে মঙ্গলবার উচ্চপর্যায়ের বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৈঠকে উপস্থিত ছিলেন পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিংহ পুরী এবং বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর।সরকারি সূত্রে জানা গেছে, বর্তমান পরিস্থিতিতে দেশের এলপিজি সরবরাহ স্বাভাবিক রাখতে একাধিক বিকল্প ব্যবস্থা বিবেচনা করছে কেন্দ্র। শিল্পক্ষেত্রে ব্যবহৃত তরলীকৃত প্রাকৃতিক গ্যাস বা এলএনজির একটি অংশ সাময়িকভাবে গৃহস্থালির কাজে ব্যবহার করার সম্ভাবনাও খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি গ্যাস বুকিং সংক্রান্ত নিয়মেও কিছু পরিবর্তন আনার ভাবনা চলছে।
রাষ্ট্রায়ত্ত তেল সংস্থা ইন্ডিয়ান অয়েল জানিয়েছে, বর্তমান পরিস্থিতিতে সাধারণ গৃহস্থালির এলপিজি সরবরাহকেই সর্বাধিক গুরুত্ব দেওয়া হবে। এর পাশাপাশি হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান এবং অন্যান্য প্রয়োজনীয় পরিষেবা ক্ষেত্রগুলিকেও অগ্রাধিকার তালিকায় রাখা হবে।এদিকে কোন কোন প্রাতিষ্ঠানিক ক্ষেত্রে গ্যাস সরবরাহ চালু রাখা হবে, তা নির্ধারণ করতে তেল বিপণন সংস্থাগুলির পক্ষ থেকে একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে। তিনজন এক্সিকিউটিভ ডিরেক্টরকে নিয়ে গঠিত এই কমিটি হোটেল, রেস্তোরাঁ এবং অন্যান্য শিল্পক্ষেত্রের আবেদন পর্যালোচনা করে সরবরাহের বিষয়ে সিদ্ধান্ত নেবে।গ্যাস সরবরাহে টান পড়ার প্রভাব ইতিমধ্যেই কিছু শহরে পড়তে শুরু করেছে। মুম্বইয়ের হোটেল ও রেস্তোরাঁ মালিকদের সংগঠন ‘আহার’ জানিয়েছে, গ্যাসের জোগান অনিশ্চিত হয়ে পড়ায় শহরের প্রায় ২০ শতাংশ রেস্তোরাঁ আপাতত বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অন্য শহরেও একই ধরনের পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কা করা হচ্ছে।
বিশেষজ্ঞদের মতে, ভারতের জ্বালানি আমদানির একটি বড় অংশ হরমুজ় প্রণালীর ওপর নির্ভরশীল। ইরাক, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরশাহি এবং কুয়েত থেকে আসা তেল ও গ্যাসের বড় অংশ এই পথেই ভারতে পৌঁছায়। ফলে ওই অঞ্চলে অস্থিরতা তৈরি হলে সরবরাহ ব্যবস্থায় প্রভাব পড়া স্বাভাবিক।এই পরিস্থিতিতে রাশিয়া, আমেরিকা, দক্ষিণ আমেরিকা এবং পশ্চিম আফ্রিকার বিভিন্ন দেশের সঙ্গে বিকল্প জ্বালানি আমদানির সম্ভাবনাও খতিয়ে দেখছে ভারত। পাশাপাশি দেশের অভ্যন্তরীণ উৎপাদন বাড়ানোর দিকেও জোর দেওয়া হচ্ছে বলে সরকারি সূত্রে খবর।
