শারদ উৎসবের আর মাত্র কয়েক দিন বাকি। দুর্গাপুজোর পরই পালা দীপাবলির। কালীপুজোর শহর বারাসাতেও ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে দীপাবলির প্রস্তুতি।
জন্মাষ্টমীর পূর্ণ তিথিতে খুঁটি পুজোর মধ্য দিয়ে ৬০তম বর্ষে পা দিল বারাসাতের অন্যতম পরিচিত পুজো কমিটি ‘বিদ্রোহী সংঘ’। অর্থাৎ, এবার বিদ্রোহী সংঘের পুজো ৬০তম বছরে। এই বিশেষ বর্ষকে ঘিরে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে জোরকদমে প্রস্তুতি। প্রতি বছরই থিম, প্রতিমা এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কর্মসূচির মাধ্যমে দর্শকদের নজর কাড়ে এই পুজো।
তবে এবার নির্দিষ্ট কোনও বাজেটের লক্ষ্যমাত্রা রাখছে না পুজো কমিটি। প্রতিবছর বাজেট ছাড়িয়ে যাওয়ার পূর্ব অভিজ্ঞতা থেকেই এই সিদ্ধান্ত। উদ্যোক্তাদের কাছে এবার বাজেটের অঙ্কের চেয়ে দর্শকদের ভালোবাসা এবং মাতৃবন্দনাই বেশি গুরুত্বপূর্ণ।
ক্লাবের সম্পাদক মানিক দত্ত জানান, “বিদ্রোহী বারাসাতের অন্যতম একটি পুজো। কৃত্রিমভাবে ভিড় তৈরি করার কোনও লক্ষ্য আমাদের থাকে না। এ বছরও মানুষের ভালোবাসাকে সঙ্গে নিয়েই পুজোকে এগিয়ে নিয়ে যাওয়ার চিন্তাভাবনা করছি।”

৬০তম বর্ষে বিশেষ চমক ‘গোল্ডেন বৌদ্ধ টেম্পেল’
৬০তম বর্ষের এই বিশেষ আয়োজনে এবারের থিম হিসেবে বেছে নেওয়া হয়েছে ব্যাংকের ‘গোল্ডেন বৌদ্ধ টেম্পেল’। থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের এই বিখ্যাত বৌদ্ধ মন্দিরের আদলে তৈরি হতে চলেছে এবারের মণ্ডপ। থিমের পাশাপাশি প্রতিমা ও মণ্ডপসজ্জাতেও থাকছে বিশেষ চমক।
উদ্যোক্তাদের আশা, ৬০তম বর্ষের এই বিশেষ পুজোয় দর্শকদের ব্যাপক সাড়া মিলবে। বারাসাতের অন্যান্য বড় পুজোর সঙ্গে প্রতিযোগিতায় সেরা শিরোপা ছিনিয়ে নেওয়ার লক্ষ্যে ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করেছে বিদ্রোহী সংঘ।




