বারাসাত: রাজ্য সরকারের উদ্যোগে চলা ‘সেবা সেতু’ অভিযানকে ঘিরে অন্নপূর্ণা ভাণ্ডারের কাজ না হওয়ায় মধ্যমগ্রাম ও বারাসাতে মহিলাদের বিক্ষোভের ঘটনা সামনে এল। দুই জায়গাতেই দীর্ঘক্ষণ লাইনে দাঁড়ানোর পর পরিষেবা না মেলায় ক্ষোভ প্রকাশ করেন মহিলারা।
মধ্যমগ্রামের শ্রীনগর কথামালা কমিটি হলে সেবা সেতু অভিযানের ক্যাম্পে অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম ফিলাপ না হওয়াকে কেন্দ্র করে শুক্রবার বিক্ষোভ দেখান মহিলারা। বিক্ষোভকারীদের দাবি, ভোর পাঁচটা থেকেই ফর্ম ফিলাপের জন্য তাঁরা লাইনে দাঁড়িয়েছিলেন। কিন্তু সকাল ন’টার পর হঠাৎ জানিয়ে দেওয়া হয়, ওই ক্যাম্প থেকে অন্নপূর্ণা ভাণ্ডারের কোনও ফর্ম ফিলাপ করা হবে না।
এরপরই ক্ষোভে ফেটে পড়েন মহিলারা। অভিযোগ, ক্যাম্পের কাজ বন্ধ করে দিয়ে চেয়ার-টেবিল উল্টে দেওয়া হয়। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছয় মধ্যমগ্রাম থানার পুলিশ।
অন্যদিকে, বারাসাত পৌরসভার ১৭ নম্বর ওয়ার্ডের টাকি রোড কর্মতীর্থের সামনেও অন্নপূর্ণা ভাণ্ডারের কাজ না হওয়ায় বিক্ষোভ দেখান এলাকার মহিলারা। তাঁদের দাবি, সেবা সেতু ক্যাম্পে অন্নপূর্ণা ভাণ্ডার সংক্রান্ত কাজ হবে বলে তাঁরা সেখানে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়েছিলেন। পরে ওই ক্যাম্পে এই পরিষেবা দেওয়া হচ্ছে না জানতে পেরে টাকি রোড অবরোধ করে বিক্ষোভ শুরু করেন তাঁরা।
ঘটনাস্থলে বারাসাত পৌরসভার পুরো প্রশাসক রাজা ভৌমিককে সামনে পেয়েও নিজেদের ক্ষোভের কথা জানান বিক্ষোভকারীরা। তাঁদের অভিযোগ, কেউ এক মাস ধরে, আবার কেউ তারও বেশি সময় ধরে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পাচ্ছেন না। বকেয়া টাকা পাওয়ার আশাতেই তাঁরা সেবা সেতু ক্যাম্পে এসেছিলেন বলে দাবি করেন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী। পরে অবরোধকারীদের সরিয়ে দিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়।
বিক্ষোভকারী মহিলাদের দাবি, অন্নপূর্ণা ভাণ্ডারের বকেয়া টাকা এবং পরিষেবা সংক্রান্ত সমস্যার দ্রুত সমাধান করতে হবে। এ নিয়ে প্রশাসনের পক্ষ থেকে কী পদক্ষেপ করা হয়, এখন সেদিকেই নজর।
প্রদীপ দাসের রিপোর্ট। মাতৃভূমি সংবাদ পেপার। বারাসাত




