---Advertisement---

kolkata : মহাকরণের সামনে ‘মহা-সংঘাতে’ সেনা -পুলিশ!

September 2, 2025 7:52 AM
---Advertisement---

২৪ আওয়ার্স টিভি ডেস্ক : ভাষা আন্দোলনের মঞ্চ নিয়ে উত্তাল রাজনীতি। ঠিক সেই আবহেই মহাকরণের সামনে নজিরবিহীন অস্বস্তি। দুপুরবেলা রাইটার্স বিল্ডিংয়ের সামনে সেনার একটি ট্রাক আটকাল কলকাতা পুলিশ। ট্রাফিক কন্ট্রোলের তরফে হঠাৎ করেই থামানো হয় সেনার গাড়ি। খবর পাঠানো হয় হেয়ার স্ট্রিট থানায়। কেন সেনার ট্রাক থামানো হল, তা ঘিরেই তৈরি হয়েছে জোর জল্পনা।সূত্রের খবর, ওই ট্রাকের পিছনেই আসছিল কলকাতার নগরপাল মনোজ ভার্মার গাড়ি। লালবাজারের উদ্দেশ্যে যাচ্ছিলেন তিনি। কিন্তু নগরপালের কনভয় যে তাদের ট্রাকের পিছনেই রয়েছে, সে বিষয়ে কিছুই জানতেন না সেনার জওয়ানরা। ফলে আচমকাই মুখোমুখি হয়ে পড়ে সেনা ও পুলিশ।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ঘটনার জেরে রাস্তায় মুহূর্তের মধ্যেই ভিড় জমে যায়। সেনার জওয়ানদের সঙ্গে কলকাতা পুলিশের কথোপকথনে দেখা যায় স্পষ্ট উত্তেজনার ছাপ। প্রশাসনিক সদর দফতরের সামনে এই অস্বাভাবিক দৃশ্য ঘিরে এলাকায় তৈরি হয় চাঞ্চল্য।যদিও শেষমেশ আলোচনার মাধ্যমে পরিস্থিতি সামাল দেওয়া হয়, তবু দুই বাহিনীর প্রকাশ্য মুখোমুখি অবস্থান ঘিরে শুরু হয়েছে নতুন রাজনৈতিক তরজা। বিরোধীদের প্রশ্ন— রাজপথে সেনা–পুলিশ সংঘাত কি রাজ্য প্রশাসনিক বিশৃঙ্খলার প্রমাণ নয়? শাসক শিবির অবশ্য এই ঘটনাকে ‘সাধারণ ভুল বোঝাবুঝি’ বলে দাবি করছে।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now