বারাসাত: একাধিক দাবিকে সামনে রেখে বারাসাতে জেলাশাসকের দপ্তর অভিযান করল জেলা কংগ্রেস। সোমবার বারাসাত জেলা কংগ্রেসের উদ্যোগে আয়োজিত এই মিছিলকে ঘিরে জেলাশাসকের দপ্তর চত্বরে উত্তেজনা ছড়ায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় মোতায়েন ছিল পুলিশ এবং ছিল কড়া নিরাপত্তা ব্যবস্থা।
কংগ্রেসের দাবি, মোট তিন দফা দাবিকে সামনে রেখে এই মিছিল ও স্মারকলিপি জমা দেওয়ার কর্মসূচি নেওয়া হয়। দলীয় সূত্রে জানা গিয়েছে, মিছিলে প্রায় ৩০০ থেকে ৪০০ জন কংগ্রেস সমর্থক উপস্থিত ছিলেন।
কংগ্রেসের অন্যতম দাবির মধ্যে ছিল জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং তাঁর গ্রেফতারি। পাশাপাশি, এসআইআর-এর কারণে যাঁদের নাম ভোটার তালিকা থেকে বাদ গিয়েছে, তাঁদের নাম অবিলম্বে পুনরায় ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার দাবিও জানানো হয়। এছাড়াও বাংলা ও বিহারের ভোট বাতিল-সহ একাধিক দাবি তুলে সরব হন কংগ্রেস কর্মী-সমর্থকেরা।
মিছিলটি জেলাশাসকের দপ্তরের সামনে পৌঁছনোর সময় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। কংগ্রেসের অভিযোগ, মিছিলকে লক্ষ্য করে কয়েকজন ব্যক্তি ‘জয় শ্রীরাম’ স্লোগান দেন। অন্যদিকে, মিছিলকে জেলাশাসকের দপ্তরের সামনে এগোতে বাধা দেয় পুলিশ।
পুলিশের বাধার মুখে পড়ে রাস্তায় বসে বিক্ষোভ দেখাতে শুরু করেন কংগ্রেস কর্মী-সমর্থকেরা। দীর্ঘক্ষণ চলে বিক্ষোভ কর্মসূচি। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়ালেও পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মোতায়েন ছিল বিশাল পুলিশ বাহিনী।
শেষ পর্যন্ত কংগ্রেসের পক্ষ থেকে তাদের দাবিদাওয়া সম্বলিত স্মারকলিপি জেলাশাসকের দপ্তরে জমা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়। গোটা ঘটনাকে কেন্দ্র করে বারাসাত জেলা প্রশাসনিক দপ্তর চত্বরে ব্যাপক পুলিশি নিরাপত্তা বজায় রাখা হয়।
প্রদীপ দাসের রিপোর্ট। মাতৃভূমি সংবাদ পেপার। বারাসাত






