---Advertisement---

Mamata Banerjee: বিশ্বকর্মা পুজোর দিনে ছুটি, পালিত হবে ‘পরিযায়ী শ্রমিক দিবস’, জলপাইগুড়ি থেকে ঘোষণা মুখ্যমন্ত্রীর

September 11, 2025 11:41 AM
---Advertisement---

২৪ আওয়ার্স টিভি ডেস্ক : উত্তরবঙ্গ সফরে এসে বুধবার গুরুত্বপূর্ণ একাধিক ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, পরিযায়ী শ্রমিকদের সম্মানে এবার থেকে রাজ্যে বিশ্বকর্মা পুজোয় ছুটি থাকবে। পাশাপাশি যাঁদের আধার কার্ড নেই, তাঁদের দুয়ারে সরকার কর্মসূচির মাধ্যমে আধার কার্ড করে দেওয়ার নির্দেশ দেন জেলাশাসককে। নিয়োগ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, আদালতের রায়ে বন্ধ থাকা পরীক্ষা ফের শুরু হয়েছে, গ্রুপ-সি ও গ্রুপ-ডি-র নোটিফিকেশন প্রকাশিত হয়েছে, শিক্ষক নিয়োগে ইতিমধ্যেই ৩৫ হাজার পদ পূরণ হয়েছে এবং আরও ২১ হাজার পদ খালি রয়েছে। এই প্রসঙ্গে বিরোধীদের বিরুদ্ধে কটাক্ষ করে তিনি বলেন, “নিয়োগ করতে গেলেই আদালতে গিয়ে আটকে দেওয়া হচ্ছে।”

চা শ্রমিকদের স্বার্থে একাধিক পদক্ষেপের কথাও ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, জলপাইগুড়িতে চা-বাগানের ১৩ হাজার বাড়ি তৈরি করা হচ্ছে এবং চা শ্রমিকদের জন্য ২০ শতাংশ বোনাস ঘোষণা করা হয়েছে। শ্রমিকদের বোনাস বন্টনে যাতে সমস্যা না হয়, তার দায়িত্ব মুখ্যসচিবকে দিয়েছেন তিনি। আবাসন ইস্যুতেও কেন্দ্রকে আক্রমণ করেন মুখ্যমন্ত্রী। তাঁর বক্তব্য, “বাংলার বাড়ি আমরা তৈরি করছি। কারও দয়া চাই না।”

কর্মশ্রী প্রকল্পে ইতিমধ্যেই ৭৮ লক্ষ মানুষ কাজ পেয়েছেন বলে দাবি মুখ্যমন্ত্রীর। এর মধ্যে জলপাইগুড়ি জেলায় ৩ লক্ষ ৩৬ হাজার পরিবার কাজ পাবে। নাম না করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কটাক্ষ করে মমতা বলেন, “আমার নামে স্টেডিয়াম হবে না, মনিষীদের নামে করতে হবে।” তাঁর অভিযোগ, সর্বশিক্ষা অভিযান থেকে রাস্তা—প্রায় সব প্রকল্পেই বাংলাকে বঞ্চিত করছে কেন্দ্র।বাংলাভাষার কারণে ভিনরাজ্যে পরিযায়ী শ্রমিকরা অত্যাচারের শিকার হচ্ছেন বলেও অভিযোগ করেন মমতা। তিনি বলেন, “আমরা আরও বেশি করে বাংলায় কথা বলব। বাংলা বাংলায় চলবে, দিল্লি নয়।” শেষ পর্যন্ত তিনি বার্তা দেন, “যতদিন রাজনীতি করব, মাথা উঁচু করে করব। বাংলা ভালো থাকলেই দেশ ভালো থাকবে। জয় বাংলা।”

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now