বারাসাত: প্রশাসনের সর্বোচ্চ পদে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর টানা ২৫ বছরের কার্যকাল স্মরণীয় করে রাখতে বিজেপির উদ্যোগে দেশজুড়ে চলছে ‘সেবা সংকল্প অভিযান’। গত ১৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে শুরু হওয়া এই কর্মসূচি ইতিমধ্যেই ৩০ দিনে পা দিয়েছে।
এই কর্মসূচির অঙ্গ হিসেবে বুধবার বারাসাতে আয়োজন করা হয় ‘সেবা জ্যোতি যাত্রা’র। বারাসাতের কাছারি মাঠ এবং শতদল মাঠ থেকে দুটি পৃথক পদযাত্রা শুরু হয়। পরে দুটি মিছিল এসে মিলিত হয় বারাসাত বিদ্যাসাগর ক্রীড়াঙ্গন প্রাঙ্গণে।
সেখানে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন একাধিক মন্ত্রী, বিধায়ক-সহ বিজেপির নেতা, কর্মী ও সমর্থকেরা। অনুষ্ঠানে উপস্থিত মন্ত্রী, বিধায়ক এবং দলীয় কর্মীরা ভার্চুয়ালি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তব্য শোনেন।
আয়োজকদের বক্তব্য, প্রধানমন্ত্রীর দীর্ঘ প্রশাসনিক ও জনসেবামূলক কর্মকাণ্ডকে স্মরণ করতেই এই কর্মসূচির আয়োজন করা হয়েছে। বারাসাতের এই অনুষ্ঠানে দলীয় কর্মী-সমর্থকদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো।
প্রদীপ দাসের রিপোর্ট। মাতৃভূমি সংবাদ পেপার। বারাসাত





