---Advertisement---

Partha chatterjee : “আমি নির্দোষ, মুক্তি দিন” আদালতে কাতর আরজি পার্থ চট্টোপাধ্যায়ের

September 11, 2025 11:03 AM
---Advertisement---

২৪ আওয়ার্স টিভি ডেস্ক : এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় চার্জ গঠনের বড় সিদ্ধান্ত নিল আলিপুর বিশেষ আদালত। একাদশ ও দ্বাদশ শ্রেণির নিয়োগ দুর্নীতির মামলায় তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়-সহ একাধিক অভিযুক্তের বিরুদ্ধে চার্জ গঠন করা হয়েছে। এদিন একই মামলায় চার্জ গঠন হল প্রাক্তন শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারী এবং তাঁর মেয়ে অঙ্কিতা অধিকারীর বিরুদ্ধেও।চার্জ গঠন হয়েছে এসএসসি উপদেষ্টা কমিটির প্রাক্তন প্রধান শান্তিপ্রসাদ সিনহা, প্রাক্তন চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্য, সমরজিৎ আচার্য, নিয়োগকর্তা কল্যাণময় গঙ্গোপাধ্যায়, অশোক সাহা, এসএসসি আধিকারিক পর্ণা বসু, নাইসা আধিকারিক পঙ্কজ বনশল, নীলাদ্রি দাস-সহ আরও কয়েকজনের বিরুদ্ধে।

ভার্চুয়াল শুনানিতে হাসপাতালের বেড থেকে হাজির হয়ে পার্থ চট্টোপাধ্যায় বলেন, “আমি সম্পূর্ণ নির্দোষ। আমি শিক্ষামন্ত্রী ছিলাম, ২৫ বছর ধরে বিধায়ক। এসএসসি একটি স্বশাসিত সংস্থা, তারা নিজেরাই নিয়োগ করেছে। আমাকে সাড়ে তিন বছর ধরে আটকে রাখা হয়েছে। আমাকে মুক্তি দিন।” বিচারক মন্তব্য করেন, “আপনি এসপি সিনহা, কল্যাণময়দের পদে বসিয়েছিলেন।” জবাবে পার্থর দাবি, “আমি কাউকে বসাইনি, আমার সম্মান আছে, আমি নির্দোষ।”অন্যদিকে পরেশ অধিকারী ও তাঁর কন্যা অঙ্কিতার বিরুদ্ধে ওএমআর শিটে কারচুপির অভিযোগ আনা হয়েছে। তাঁরা আদালতকে জানান, “আমরা সম্পূর্ণ নির্দোষ।”

প্রেসিডেন্সি জেল থেকে ভার্চুয়াল হাজিরা দেন শান্তিপ্রসাদ সিনহা, সুবীরেশ ভট্টাচার্য, কল্যাণময় গঙ্গোপাধ্যায়রা। আদালতে সরাসরি হাজির হন পরেশ অধিকারী, অঙ্কিতা অধিকারী, নীলাদ্রি দাস-সহ কয়েকজন।পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী বিপ্লব গোস্বামী আদালতে তাঁর মক্কেলকে মামলা থেকে অব্যাহতি দেওয়ার আবেদন জানান। একই সঙ্গে দাবি করেন, প্রাক্তন ওএসডি প্রবীর বন্দ্যোপাধ্যায়কে এই মামলায় অভিযুক্ত করা হোক। অপরদিকে পরেশ, অঙ্কিতা, নীলাদ্রি ও পঙ্কজ বনশলের পক্ষ থেকেও মামলা থেকে অব্যাহতির আবেদন করা হয়।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now