---Advertisement---

এসআইআর ইস্যুতে বড় নির্দেশ সুপ্রিম কোর্টের, গঠন হবে বিশেষ ট্রাইবুনাল

March 10, 2026 4:03 PM
Supreme Court Orders Tribunal Formation Over SIR Voter List Disputes
---Advertisement---

বাংলায় ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর প্রক্রিয়া ঘিরে চলা বিতর্কের মধ্যেই গুরুত্বপূর্ণ নির্দেশ দিল দেশের শীর্ষ আদালত। ভোটার তালিকা সংক্রান্ত অমীমাংসিত অভিযোগ এবং নথি যাচাইয়ের জন্য আলাদা ট্রাইবুনাল গঠনের নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। জানা গিয়েছে, এসআইআর প্রক্রিয়ার চূড়ান্ত তালিকায় বিপুল সংখ্যক নথি এখনও নিষ্পত্তিহীন অবস্থায় রয়েছে। এই নথিগুলি যাচাই করার জন্য আগে থেকেই জুডিশিয়াল অফিসারদের দায়িত্ব দেওয়া হয়েছিল। কিন্তু সেই সমস্ত অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল কোথায় করা যাবে, তা নিয়ে তৈরি হয় আইনি জটিলতা।

এই পরিস্থিতিতে বিষয়টির সমাধান করতে ট্রাইবুনাল গঠনের নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। আদালতের নির্দেশ অনুযায়ী, কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির তত্ত্বাবধানে এই ট্রাইবুনাল গঠন করা হবে। সেখানে প্রাক্তন প্রধান বিচারপতির নেতৃত্বে দুই জন সিনিয়র বিচারক থাকবেন। তাঁরা জুডিশিয়াল অফিসারদের সিদ্ধান্তের বিরুদ্ধে ওঠা আপিল এবং অভিযোগগুলি খতিয়ে দেখে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।উল্লেখ্য, ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ার অভিযোগ তুলে সম্প্রতি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল পশ্চিমবঙ্গ সরকার। এদিন শুনানির সময় সেই বিষয়টিও আদালতে উঠে আসে। আদালত জানায়, জুডিশিয়াল অফিসারদের কাজ নিয়ে সরাসরি প্রশ্ন তোলা উচিত নয়। তবে যাঁদের আপত্তি রয়েছে, তাঁরা যাতে আইনি পথে নিজেদের বক্তব্য জানাতে পারেন, তার জন্যই ট্রাইবুনাল গঠনের এই সিদ্ধান্ত।

এদিন আদালতে রাজ্যের পক্ষ থেকে উপস্থিত ছিলেন আইনজীবী মেনকা গুরুস্বামী এবং তৃণমূল কংগ্রেস সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তাঁদের বক্তব্য, সাধারণত ভোটার তালিকা সংক্রান্ত বিষয় জেলা নির্বাচন আধিকারিকের কাছে যায়। কিন্তু জুডিশিয়াল অফিসারদের সিদ্ধান্ত কোনও প্রশাসনিক আধিকারিক কীভাবে পর্যালোচনা করবেন, সেই প্রশ্ন থেকেই এই নতুন ব্যবস্থার প্রয়োজনীয়তা তৈরি হয়েছিল।সুপ্রিম কোর্টের এই নির্দেশের ফলে এসআইআর প্রক্রিয়া নিয়ে যে সমস্ত অভিযোগ ও বিতর্ক তৈরি হয়েছিল, সেগুলির দ্রুত নিষ্পত্তির পথ খুলবে বলেই মনে করছেন আইন বিশেষজ্ঞরা।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now