---Advertisement---

ED: ইডি-র তলব, বেটিং অ্যাপ মামলায় দিল্লিতে হাজিরা টলিউড অভিনেতা অঙ্কুশের

September 16, 2025 10:57 AM
---Advertisement---

২৪ আওয়ার্স টিভি ডেস্কঃ অবৈধ বেটিং অ্যাপ মামলায় মঙ্গলবার দিল্লিতে ইডি-র দপ্তরে হাজিরা দিলেন টলিউড অভিনেতা অঙ্কুশ হাজরা। এর আগে এই একই মামলায় সমন পেয়েছিলেন অভিনেত্রী ও প্রাক্তন সাংসদ মিমি চক্রবর্তী। তাঁর পরই এ বার ইডি-র নজরে অঙ্কুশ।

সূত্রের খবর, বেলা ১১টায় হাজিরার নির্দেশ থাকলেও নির্ধারিত সময়ের কিছুটা আগেই ইডি অফিসে পৌঁছে যান অভিনেতা। এ দিন সাদা শার্ট ও নীল ডেনিমে দেখা গিয়েছে তাঁকে। হাতে ছিল একটি ফাইল, যাতে মামলার সংক্রান্ত নথি থাকতে পারে বলে মনে করা হচ্ছে।
অভিযুক্ত বেটিং অ্যাপ সংস্থার সঙ্গে অভিনেতার কী ধরনের বাণিজ্যিক চুক্তি হয়েছিল, কীভাবে তিনি পারিশ্রমিক পেয়েছিলেন এবং আর্থিক লেনদেন কীভাবে হয়েছিল— সে সব বিষয় নিয়েই জিজ্ঞাসাবাদ চালাচ্ছেন তদন্তকারীরা। জানা গিয়েছে, মিমি ও অঙ্কুশকে একটি বেটিং অ্যাপের বিজ্ঞাপনে দেখা গিয়েছিল। সেই সূত্রেই গত অগস্টে সমন পাঠানো হয়েছিল অঙ্কুশকে।

উল্লেখযোগ্যভাবে, সোমবার প্রায় ৯ ঘণ্টা ধরে মিমি চক্রবর্তীকে জেরা করেছিলেন ইডি আধিকারিকরা। শুধু টলিউড নয়, বলিউড এবং ক্রিকেট জগতের একাধিক সেলেব্রিটিকেও এই মামলায় তলব করা হয়েছে। এ দিনই অভিনেত্রী ঊর্বশী রাউতেলাকে হাজিরার নির্দেশ দিয়েছে ইডি। একইসঙ্গে প্রাক্তন ক্রিকেটার সুরেশ রায়না ও শিখর ধাওয়ানকেও ডেকে পাঠানো হয়েছিল। এ ছাড়া যুবরাজ সিং এবং রবিন উত্থাপ্পাকেও সমন পাঠানো হয়েছে। ২২ ও ২৩ সেপ্টেম্বর তাঁদের হাজিরা দিতে বলা হয়েছে।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now