সন্ধ্যায় আচমকাই আতঙ্ক! বুধবার, দশমীর সন্ধ্যায় (New Town Restaurant Fire) কলকাতার নিউ টাউনে বিশ্ববাংলা রেস্তোরাঁয় আগুন লাগার ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায়। রেস্তোরাঁয় তখন প্রায় ৫০ জন খেতে বসেছিলেন। আচমকা আগুনের ফুলকি বেরিয়ে আসতে শুরু করতেই আতঙ্কিত হয়ে পড়েন উপস্থিত ব্যক্তিরা। উঁচুতে অবস্থিত রেস্তোরাঁ থেকে কীভাবে নিরাপদে নীচে নামবেন, সেই নিয়ে উদ্বেগ ছড়ায় ।
কীভাবে উদ্ধার করা হলো ?
ব্যস্ত রাস্তার উপর অবস্থিত এই ঝুলন্ত রেস্তোরাঁয় আগুন লাগার (New Town Restaurant Fire) পর দ্রুত নীচে নামার চেষ্টা করেন উপস্থিত ব্যক্তিরা। রেস্তোরাঁ থেকে নামার জন্য লিফট ও সিঁড়ির ব্যবস্থা থাকলেও পরিস্থিতি ঘিরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। শেষ পর্যন্ত সকলকেই নিরাপদে নীচে নামিয়ে আনা সম্ভব হয়। প্রাথমিকভাবে পাওয়া তথ্য অনুযায়ী, এই ঘটনায় কারও হতাহতের খবর মেলেনি।
আগুন লাগার আসল কারণ কী?
অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় (New Town Restaurant Fire) দমকলের একটি ইঞ্জিন। প্রায় ৩০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। আগুন নেভানোর কাজে ব্যবহার করা হয় দমকলের ল্যাডারও। দমকলের প্রাথমিক অনুমান, শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে। তবে রেস্তোরাঁর রান্নাঘর থেকে আগুন ছড়িয়েছিল কি না, তা-ও খতিয়ে দেখা হচ্ছে। অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ এখনও স্পষ্ট নয়।
আগুনের ফুলকি রেস্তোরাঁ থেকে নীচের রাস্তায় পড়তে থাকায় নিরাপত্তার স্বার্থে ওই অংশে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন বিধাননগর পুলিশ কমিশনারেটের কমিশনার অমিত কুমার ভরত। তিনি জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। পরে ওই এলাকার যান চলাচলও স্বাভাবিক হয়। অগ্নিকাণ্ডের আসল কারণ জানতে তদন্ত শুরু হয়ছে ।






