সুপ্রিম কোর্টের নির্দেশের পর দীর্ঘদিন ধরে অনিশ্চয়তায় ভুগছিলেন রাজ্যের আধা সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষাকর্মীরা। তাঁদের বকেয়া মহার্ঘ ভাতা আদৌ মিলবে কি না, তা নিয়ে তৈরি হয়েছিল সংশয়। অবশেষে সেই জট কাটতে চলেছে বলেই প্রশাসনিক সূত্রে খবর।
বিকাশ ভবন ও রাজ্য শিক্ষাদপ্তর সূত্রে জানা গিয়েছে, আধা সরকারি স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষাকর্মীদের বকেয়া মহার্ঘ ভাতা মেটানোর নির্দেশ এসেছে নবান্ন থেকে। সেই অনুযায়ী ইতিমধ্যেই তথ্য সংগ্রহের কাজ শুরু করেছে শিক্ষাদপ্তর।
সূত্রের খবর, কার কত বকেয়া প্রাপ্য, সেই হিসাব নির্ধারণ করতে স্কুলগুলির কাছ থেকে প্রয়োজনীয় তথ্য চাওয়া হয়েছে। একইভাবে কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষাকর্মীদের তথ্যও সংগ্রহ করা হচ্ছে। দ্রুত এবং নির্ভুল তথ্য পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলিকে।
প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, ২০১৬ সালের জানুয়ারি থেকে মার্চ মাস পর্যন্ত নির্দিষ্ট সময়কালের তথ্য চেয়ে পাঠানো হয়েছে। শিক্ষকদের একাডেমিক গ্রেড, বেতন ব্যান্ড, প্রাপ্য মহার্ঘ ভাতার পরিমাণ-সহ সমস্ত তথ্য বিস্তারিতভাবে জমা দিতে বলা হয়েছে।
শুধু শিক্ষক-শিক্ষাকর্মীরাই নন, রাজ্যের অন্যান্য সরকারি কর্মী এবং পেনশনভোগীরাও বকেয়া মহার্ঘ ভাতা পাবেন বলে নবান্ন সূত্রে ইঙ্গিত মিলেছে। এতদিন ধরে যে দাবি উঠছিল, সরকার অবশেষে সেই প্রাপ্য মেটানোর দিকেই এগোচ্ছে বলে মনে করা হচ্ছে।
ফলে বহুদিনের অপেক্ষার পর রাজ্যের হাজার হাজার শিক্ষক, শিক্ষাকর্মী, সরকারি কর্মী ও পেনশনভোগীদের মধ্যে স্বস্তির হাওয়া বইতে শুরু করেছে।
#WestBengalDA #DAArrears #GovernmentEmployees #TeachersDA #Nabanna #WestBengalNews #Pensioners
