বিজেপি নেতার বিরুদ্ধে জেলা সভাপতি ও সহ-সভাপতির নাম করে টাকা চাওয়ার অভিযোগ মহিলার
মধ্যমগ্রাম: বাড়ি তৈরির জন্য এক লক্ষ টাকা দাবি করার অভিযোগ উঠল এক বিজেপি নেতার বিরুদ্ধে। অভিযোগ, উত্তর ২৪ পরগনা জেলার বিজেপি নেতৃত্বের নাম করে ওই টাকা দাবি করা হয়। ঘটনায় ইতিমধ্যেই মধ্যমগ্রাম থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন সাবিরা খাতুন নামে এক মহিলা।
অভিযোগকারী সাবিরা খাতুনের দাবি, মধ্যমগ্রামের দিগবেড়িয়া মাঝেরপাড়া এলাকায় তিনি আত্মীয়ের জমিতে বাড়ি তৈরি করছিলেন। সেই সময় বিজেপি নেতা শফিকুল ইসলাম সেখানে এসে বাড়ি তৈরির অনুমতির প্রসঙ্গ তুলে তাঁর কাছে এক লক্ষ টাকা দাবি করেন বলে অভিযোগ।
অভিযোগ, টাকা দেওয়ার বিষয়টি অন্য কাউকে না জানানোর জন্যও তাঁকে সতর্ক করা হয়। ঘটনার পর আতঙ্কিত হয়ে মধ্যমগ্রাম থানার দ্বারস্থ হন সাবিরা খাতুন। থানায় লিখিত অভিযোগও দায়ের করেছেন তিনি।
অভিযোগকারীর আরও দাবি, ওই বিজেপি নেতা জেলা সভাপতি রাজীব পোদ্দার এবং সহ-সভাপতি রাজীব খানের নাম উল্লেখ করে টাকা দাবি করেছিলেন। যদিও এই অভিযোগের সত্যতা এখনও তদন্তসাপেক্ষ।
ঘটনা ঘিরে রাজনৈতিক মহলেও চাঞ্চল্য তৈরি হয়েছে। অভিযোগের বিষয়ে অভিযুক্ত শফিকুল ইসলাম এবং সংশ্লিষ্ট বিজেপি নেতৃত্বের বক্তব্য এখনও জানা যায়নি। পুলিশের তদন্তের পরই অভিযোগের প্রকৃত কারণ ও ঘটনার বিস্তারিত পরিষ্কার হবে।
প্রদীপ দাসের রিপোর্ট। মাতৃভূমি সংবাদ পেপার। বারাসাত




