বারাসাত: বারাসাতের বিদ্যাসাগর মঞ্চে পশ্চিমবঙ্গ জি.আর.এস. অ্যাসোসিয়েশনের উদ্যোগে পঞ্চায়েত মন্ত্রী তথা বিজেপি নেতা দিলীপ ঘোষকে বিশেষ সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বারাসাত বিধানসভার বিধায়ক শঙ্কর চ্যাটার্জী-সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং সংগঠনের সদস্যরা। সৌহার্দ্য ও সম্মানের পরিবেশে সম্পন্ন হয় অনুষ্ঠানটি।
সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের উন্নয়ন ও পূর্ববর্তী সরকারের ভূমিকা নিয়ে সরব হন দিলীপ ঘোষ। তাঁর অভিযোগ, সরকারের হাতে একাধিক প্রকল্প ও উন্নয়নমূলক কাজের সুযোগ থাকলেও আগের সরকার সাধারণ মানুষের উন্নয়নের পরিবর্তে নেতাদের উন্নয়নেই বেশি গুরুত্ব দিয়েছিল।
এদিন রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও মন্তব্য করেন তিনি। দিলীপ ঘোষের দাবি, এখনও কিছু তৃণমূলের দুষ্কৃতী বিভিন্ন এলাকায় সক্রিয় থাকলেও খুব শীঘ্রই পরিস্থিতির সমাধান হবে।
বিরোধী রাজনীতি নিয়েও কটাক্ষ করেন দিলীপ ঘোষ। তাঁর অভিযোগ, বিরোধী শিবিরের কিছু নেতা নিজেরা নির্বাচনে জয়লাভ করতে না পেরে পিছন থেকে ‘কোকরোচ জনতা পার্টি’-কে সমর্থন দিচ্ছেন এবং বিভিন্ন জায়গায় আন্দোলন তৈরি করার চেষ্টা করছেন।
এছাড়াও মেসিকে ঘিরে বিতর্কিত অনুষ্ঠান প্রসঙ্গেও মুখ খোলেন তিনি। দিলীপ ঘোষের অভিযোগ, মেসিকে নিয়ে এসে মানুষের সঙ্গে প্রতারণা করা হয়েছে। দর্শকদের টাকা ফেরত না দিয়ে মুখ্যমন্ত্রী তাঁদের উরুগুয়ে ম্যাচ দেখার ব্যবস্থা করে দিয়েছেন বলেও দাবি করেন তিনি।
এদিন নন্দীগ্রাম ও রেজিনগরের রাজনৈতিক সমীকরণ নিয়েও মন্তব্য করেন দিলীপ ঘোষ। তাঁর কথায়, নন্দীগ্রামের ফলাফল সকলেরই জানা। তবে রেজিনগরে এখনও অনেক কিছু ঘটতে পারে—তাই দলের কর্মী-সমর্থকদের উপর আস্থা রাখার বার্তা দেন তিনি।
অনুষ্ঠানে সংগঠনের পক্ষ থেকে পঞ্চায়েত মন্ত্রীকে সংবর্ধনা জানানোর পাশাপাশি বিভিন্ন সাংগঠনিক ও রাজনৈতিক বিষয় নিয়েও আলোচনা হয়।
প্রদীপ দাসের রিপোর্ট। মাতৃভূমি সংবাদ পেপার। বারাসাত





