---Advertisement---

কলকাতাসহ রাজ্যের একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা, বজ্রবিদ্যুৎ ও দমকা হাওয়ার সতর্কতা

March 11, 2026 11:21 AM
---Advertisement---

রাজ্যের আবহাওয়ায় আবারও বদলের ইঙ্গিত মিলছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, বুধবার কলকাতাসহ দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের একাধিক জেলায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে। কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। তবে এই বৃষ্টির ফলে তাপমাত্রায় বড় কোনও পরিবর্তন হবে না বলেই মনে করছেন আবহাওয়াবিদরা।আবহাওয়া দফতর জানিয়েছে, বুধবার রাতের দিকে কলকাতার কিছু এলাকায় বজ্রবিদ্যুৎসহ হালকা বৃষ্টি হতে পারে। দিনভর শহরের আকাশ আংশিক মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে। তাপমাত্রাও মোটামুটি একই থাকছে। মঙ্গলবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় কিছুটা বেশি। অন্যদিকে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.১ ডিগ্রি সেলসিয়াস। আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ৩২ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৫ ডিগ্রির কাছাকাছি থাকতে পারে বলে পূর্বাভাস।

দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলাতেও বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস। পূর্ব ও পশ্চিম বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, পুরুলিয়া এবং বাঁকুড়ায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। কিছু এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।উত্তরবঙ্গেও প্রায় সব জেলাতেই বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। বিশেষ করে পাহাড়ি অঞ্চল এবং সংলগ্ন এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে। ঘণ্টায় প্রায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। এই পরিস্থিতির জন্য উত্তরবঙ্গের কয়েকটি জেলায় হলুদ সতর্কতাও জারি করা হয়েছে।

তবে আবহাওয়াবিদদের মতে, এই বৃষ্টির জেরে গরমের তেমন কোনও বড় পরিবর্তন হবে না। বরং দক্ষিণবঙ্গে ধীরে ধীরে তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। আগামী কয়েকদিন দিনের তাপমাত্রা প্রায় একই রকম থাকলেও পরে তা দুই থেকে তিন ডিগ্রি পর্যন্ত বাড়ার সম্ভাবনা রয়েছে।সব মিলিয়ে আপাতত বিক্ষিপ্ত বৃষ্টি এবং মেঘলা আকাশের মধ্যেই রাজ্যের আবহাওয়া কিছুটা স্বস্তিদায়ক থাকলেও খুব শিগগিরই আবার গরমের প্রভাব বাড়তে পারে বলে ইঙ্গিত দিয়েছে হাওয়া অফিস।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now