ভোটের আগে আবারও উত্তপ্ত রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি। একদিকে শাসকদল ছেড়ে বিরোধী শিবিরে যোগদান, অন্যদিকে বিরোধী দল ছেড়ে শাসকদলে ফেরা—দুই দিকেই জোরদার দলবদলের ছবি সামনে আসছে।
শাসকদলে ভাঙন ধরিয়ে বিজেপিতে যোগদান করলেন হালিশহর পুরসভার প্রাক্তন পুরপ্রধান রাজু সাহানি। বিজেপিতে যোগ দিয়েই তিনি দাবি করেছেন, শাসকদলে থেকে তিনি কাজ করতে পারছিলেন না, সেই কারণেই এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন। এর আগেও একুশের বিধানসভা নির্বাচনের আগে তিনি দল বদল করেছিলেন, ফলে তার এই পদক্ষেপ নতুন করে রাজনৈতিক মহলে আলোচনা তৈরি করেছে।
একইসঙ্গে দীর্ঘদিনের জল্পনার অবসান ঘটিয়ে নোয়াপাড়ার প্রাক্তন তৃণমূল বিধায়ক সুনীল সিং-ও বিজেপিতে যোগদান করেছেন। তিনি অর্জুন সিংহের ভগ্নিপতি বলেও পরিচিত। বেশ কিছুদিন ধরেই তার দলবদলের ইঙ্গিত মিলছিল, অবশেষে সেই জল্পনায় সিলমোহর পড়ল।
অন্যদিকে, বিজেপি ছেড়ে আবার শাসকদলে ফেরার ঘটনাও কম নয়। বসিরহাটের প্রভাবশালী নেতা ফিরোজ কামাল গাজী ফের তৃণমূলে যোগ দিয়েছেন। শুধু বসিরহাট নয়, নন্দীগ্রামেও একই ছবি দেখা যাচ্ছে—বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিচ্ছেন একাধিক নেতা।
শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ বলেও পরিচিত এক নেতার দলবদল ইতিমধ্যেই রাজনৈতিক মহলে বড়সড় আলোড়ন ফেলেছে। এমনকি তার স্ত্রীও বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন। তৃণমূল প্রার্থী পবিত্র করের স্ত্রী শিউলি কর, যিনি আগে বিজেপির পঞ্চায়েত প্রধান ছিলেন, তিনিও শাসকদলে যোগ দিয়েছেন।
ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে এই দফায় দফায় দলবদল রাজ্যের রাজনীতিতে নতুন করে উত্তাপ ছড়িয়েছে। কোন দিকে ঝুঁকবে জনমত, আর এই দলবদল কতটা প্রভাব ফেলবে নির্বাচনের ফলাফলে—সেদিকেই এখন নজর সবার।
